দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে একটি আন্তজেলা ডাকাত দলের পাঁচ সদস্য এবং ডাকাতির লুট হওয়া মালামালের একজন ক্রেতাসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ডাকাতির ঘটনায় লুট হওয়া গলিত স্বর্ণও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (৫ জুলাই) দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য জানায়।
পুলিশ জানায়, গত ৮ জুন গভীর রাতে নড়াইলের নড়াগাতী থানার পাখিমারা গ্রামের সালাহ উদ্দিন খাঁনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় এবং সালাহ উদ্দিন খাঁন ও তার ছেলে আশিকুর রহমানকে হাত বাঁধা অবস্থায় ফেলে রেখে যায়। এ ঘটনায় সালাহ উদ্দিন খাঁন বাদী হয়ে নড়াগাতী থানায় ডাকাতির মামলা করেন।
মামলার তদন্তে পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)–এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা, সিসিআইসি এবং নড়াগাতী থানার একাধিক দল মাঠে নামে। গত ২ থেকে ৪ জুলাই নড়াইল, গোপালগঞ্জ ও খুলনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের পাঁচ সদস্য এবং ডাকাতির মালামালের একজন ক্রেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মালামাল ক্রেতা হলেন খুলনার রূপসা উপজেলার আইচগাতি কামারপাড়া এলাকার সরজিৎ কর (৪৫)। পুলিশ জানায়, তার দেওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পাখিমারা গ্রামের ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ডাকাত দলের সদস্যরা হলেন নড়াইলের নড়াগাতী উপজেলার জাকির হোসেন তালুকদার ওরফে কাটাপ্পা (৫৪), কালিয়া উপজেলার পারভেজ মৃধা ওরফে দারোগা (৩৬) ও মফিজ খাঁ (৩৮), এবং খুলনার তেরখাদা উপজেলার জাকির মোল্লা ওরফে জেকের আলী (৪৮) ও দীন ইসলাম মোল্লা (৪২)।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন সময় নড়াইলসহ খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন। তাদের কয়েকজনের বিরুদ্ধে খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ ও নড়াইল জেলার বিভিন্ন থানায় ডাকাতি ও চুরির একাধিক মামলা রয়েছে।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন সিকদার বলেন, গ্রেপ্তার ছয়জনকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
এমএম/